উদারিং হাইটস, এমিলি ব্রন্টেঃ প্রেম, সমাজ ও মানব হৃদয়ের অন্তর্নিহিত সত্য
এক ঝড়ো রাতে ইংল্যান্ডের নির্জন ইয়র্কশায়ারের এক গ্রামে উদারিং হাইটস নামক এক অদ্ভুত, ভয়ংকর বাড়ির দরজায় এসে হাজির হন লোকউড নামের এক ব্যক্তি। তিনি ছিলেন থ্রাশক্রস গ্রেইঞ্জের নতুন ভাড়াটিয়া। আর উদারিং হাইটসের মালিক ছিলেন হিথক্লিফ। যিনি ছিলেন এক গম্ভীর, নির্দয় ও রহস্যময় মানুষ।
এক রাতে লোকউড উদারিং হাইটসে থাকেন এবং স্বপ্নে দেখেন যে ক্যাথরিন আর্নশ’র আত্মা জানালার কাঁচের ওপর হাত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলছে, “Let me in! Let me in!” লোকউড আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে যান। আর সেই রাত থেকেই শুরু হয় হিথক্লিফ ও ক্যাথরিনের এক চিরন্তন কষ্ট, প্রতিশোধ ও ভালোবাসার গল্প যা শুধু জীবন নয়, মৃত্যুর পরেও শেষ হয়নি।
গল্পের শুরু হয় উদারিং হাইটসের পুরনো দিনগুলো থেকে, যা আমাদের বলে দেন নেলি ডিন—এই পরিবারের পুরনো গৃহপরিচারিকা। একদিন উদারিং হাইটসের মালিক মিঃ আর্নশো এক অনাথ ছেলেকে রাস্তা থেকে কুড়িয়ে এনে নিজের সন্তানের মতো বড় করেন। সেই ছেলের নাম দেওয়া হয় হিথক্লিফ। আর্নশোর নিজের দুই সন্তান ছিল—ক্যাথরিন ও হিন্দলি। ক্যাথরিন ছিল চঞ্চল ও স্বাধীনচেতা আর হিন্দলি ছিল অহংকারী ও হিংসুটে। হিথক্লিফকে বাবা ভালোবাসলেও হিন্দলি কখনো তাকে আপন করে নেয়নি। কিন্তু ক্যাথরিন আর হিথক্লিফ ছিল একদম আলাদা। তারা যেন ছিল ঠিক এক আত্মা, এক দেহে দুই সত্তা। উদারিং হাইটসের চারপাশের প্রকৃতির মাঝে তারা একসঙ্গে দৌড়াত, ঝড়ের রাতে পরস্পরের হাত ধরে বসে থাকত। ক্যাথরিন একসময় বলে, “I am Heathcliff! He’s always, always in my mind.”
তবে তাদের ভালোবাসা যতোটা না শক্তিশালী ছিল, সেই ভালোবাসার মধ্যে তার চেয়ে বেশি ছিল অস্থিরতা ও ধ্বংসাত্মকতা।
হিন্দলি তার বাবার মৃত্যুর পর হিথক্লিফকে গৃহপরিচারকের মতো ব্যবহার করতে শুরু করে। সে উদারিং হাইটসের নতুন মালিক হয়ে হিথক্লিফের জীবন দুর্বিষহ করে তোলে। এদিকে একদিন ক্যাথরিন ও হিথক্লিফ থ্রাশক্রস গ্রেইঞ্জ নামের অভিজাত বাড়িতে যায়, যেখানে বাস করে এডগার লিন্টন ও তার বোন ইসাবেলা। এডগার ছিল নরম প্রকৃতির, মার্জিত ও ধনী। ক্যাথরিন ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং সিদ্ধান্ত নেয় এডগারকে বিয়ে করবে। হিথক্লিফ যখন জানতে পারে ক্যাথরিনের সিদ্ধান্ত, সে ভেতর থেকে ভেঙে পড়ে। কিন্তু সে কিছু না বলেই উদারিং হাইটস ছেড়ে চলে যায়। কোথায় যায় তা কেউ জানে না।
আর ক্যাথরিন এডগারকে বিয়ে করলেও তার মন ছিল অস্থির। সে বুঝতে পারে, সে কখনোই হিথক্লিফকে ভুলতে পারবে না। কিন্তু তখন আর সময় ছিল না।
বহু বছর পর হিথক্লিফ ফিরে আসে—এক সম্পদশালী, সুদর্শন, কিন্তু নির্মম পুরুষ হয়ে। সে প্রতিশোধ নিতে চায়। শুধু ক্যাথরিনের জন্য নয়, বরং তার সাথে যারা অন্যায় করেছে তাদের সবার বিরুদ্ধে।
প্রথমেই, সে হিন্দলির কাছ থেকে উদারিং হাইটস দখল করে নেয় এবং তাকে ধ্বংস করে দেয়। তারপর সে এডগারের বোন ইসাবেলাকে প্রলুব্ধ করে তাকে বিয়ে করে, শুধু এডগারকে কষ্ট দেওয়ার জন্য। কিন্তু সে ইসাবেলার প্রতি কোনো ভালোবাসা দেখায়নি, বরং তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে।
এদিকে ক্যাথরিন হিথক্লিফের ফেরত আসা সহ্য করতে পারেনি। সে ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ে, এবং একদিন প্রসবকালীন জটিলতায় মারা যায়। ক্যাথরিনের মৃত্যুর পর, হিথক্লিফ পাগলের মতো হয়ে যায়। সে কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, "Catherine! I cannot live without my life! I cannot live without my soul!"
কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। হিথক্লিফ প্রতিশোধ নেওয়া চালিয়ে যায়। ক্যাথরিন ও এডগারের কন্যা ক্যাথি এবং ইসাবেলা ও হিথক্লিফের ছেলে লিন্টন বড় হয়। হিথক্লিফ তার প্রতিশোধ সম্পূর্ণ করতে ক্যাথির সাথে লিন্টনের বিয়ে ঠিক করে, যাতে সে সম্পূর্ণ থ্রাশক্রস গ্রেইঞ্জের মালিক হতে পারে। কিন্তু হিথক্লিফ বুঝতে পারে, প্রতিশোধ তাকে কিছু দেয়নি। সে দিন দিন আরও অস্থির হয়ে পড়ে। সে বলে, "I have lost the faculty of enjoying their destruction, and I am too idle to destroy for nothing."
অবশেষে, সে ক্যাথরিনের আত্মাকে খুঁজতে খুঁজতে মৃত্যুর দিকে এগিয়ে যায়। এক রাতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার চোখ খোলা, যেন সে তার প্রিয় ক্যাথরিনের আত্মাকে দেখতে পেয়েছিল। তার মৃত্যুর পর উদারিং হাইটসে শান্তি ফিরে আসে। ক্যাথি ও হ্যারিটন (হিন্দলির ছেলে) একসঙ্গে নতুন জীবন শুরু করে।
উদারিং হাইটস থেকে জীবন সম্পর্কে কিছু লেসন্স-
০১। প্রতিশোধ কখনো সুখ আনে নাঃ হিথক্লিফ জীবনের অধিকাংশ সময় প্রতিশোধ নেওয়ার জন্য ব্যয় করেছে—হিন্দলি, এডগার, এমনকি তার নিজের সন্তান লিন্টন পর্যন্ত তার ক্রোধের শিকার হয়েছে। কিন্তু প্রতিশোধ তাকে কিছু দেয়নি, শেষ পর্যন্ত সে ক্লান্ত ও একাকী হয়ে গেছে। এতে বোঝা যায়, প্রতিশোধ নিলে ক্ষণিকের তৃপ্তি আসতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা মানুষের মনকে আরও বিষাক্ত করে তোলে।
০২। সম্পদ ও ক্ষমতা সবকিছু নাঃ হিথক্লিফ যখন ফিরে আসে, তখন সে প্রচুর সম্পত্তির মালিক হয়ে গেছে। কিন্তু তাতে তার জীবন সুখের হয়নি। সে প্রতিশোধ নিতে নিতে তার আত্মাকে আরও শূন্য করে ফেলেছে। এর অর্থ, অর্থ ও ক্ষমতা থাকলেই মানুষ সুখী হয়না, বরং অভ্যন্তরীণ শান্তি ও ভালোবাসা না থাকলে জীবন অর্থহীন হয়ে পড়ে।
০৩। শিশুদের প্রতি করা অন্যায়ের প্রভাব প্রজন্ম ধরে বহন করতে হয়ঃ হিথক্লিফকে ছোটবেলায় হিন্দলি অনেক অত্যাচার করেছিল, যার ফলে হিথক্লিফ প্রতিশোধ নেওয়ার জন্য হিন্দলির ছেলেকেও কষ্ট দিয়েছে। এভাবেই এক প্রজন্মের অন্যায় পরবর্তী প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। তাই বাচ্চাদের প্রতি সদয় ও ন্যায়পরায়ণ হওয়া উচিত, কারণ তাদের ওপর করা অন্যায় ভবিষ্যতের সমাজকেও প্রভাবিত করে।
০৪। ক্ষমা ও ভালোবাসাতেই প্রকৃত শান্তিঃ শেষ পর্যন্ত প্রতিশোধ, হিংসা, ও দুঃখ কিছুই হিথক্লিফকে শান্তি দেয়নি। তবে ক্যাথরিনের মেয়ে ক্যাথি ও হিন্দলির ছেলে হ্যারিটন একে অপরকে ভালোবেসে একটি নতুন জীবন শুরু করেছিল। এর মাধ্যমে বুঝা যায় যে, প্রতিশোধ ও বিদ্বেষ নয়, বরং ক্ষমা ও ভালোবাসাই মানুষের জীবনে সত্যিকারের সুখ এনে দেয়।
০৫। প্রকৃতি ও মানব মনের সম্পর্ক গভীরঃ উদারিং হাইটসের প্রকৃতি—ঝড়, বাতাস, বৃষ্টিপাত—সবকিছু চরিত্রগুলোর আবেগকে প্রতিফলিত করে। ক্যাথরিনের আত্মা যেমন ঝড়ো রাতে ফিরে আসে, তেমনি হিথক্লিফের রাগ বৃষ্টির মতো তীব্র। এটি আমাদের শেখায় যে, মানব প্রকৃতি ও প্রকৃতির মধ্যে গভীর সংযোগ রয়েছে। তাছাড়া আমাদের আবেগের প্রতিফলন অনেক সময় প্রকৃতির রূপেও দেখা যায়।
০৬। প্রকৃত ভালোবাসা শুধু আনন্দ দেয় না, কষ্টও দেয়ঃ হিথক্লিফ ও ক্যাথরিনের ভালোবাসা কোনো সাধারণ প্রেমের গল্প নয়। এটি ছিল এক অপ্রতিরোধ্য আকর্ষণ, যা শেষ পর্যন্ত তাদের দুজনকেই ধ্বংসের দিকে নিয়ে গেছে। ভালোবাসা শুধুমাত্র সুখের নয়, কখনো কখনো এটি আত্মাকে ছিন্নভিন্ন করে দিতে পারে।
০৭। প্রতিশোধের আগুন কেবল প্রতিশোধকারীকেই পোড়ায়ঃ হিথক্লিফ তার জীবন প্রতিশোধের জন্য উৎসর্গ করেছিল, কিন্তু তার প্রতিটি পদক্ষেপ তাকে আরও নিঃসঙ্গ করেছে। তার কষ্ট, ক্রোধ ও প্রতিহিংসা শেষ পর্যন্ত তার নিজেকেই ধ্বংস করেছে। এর মাধ্যমে বুঝা যায় যে প্রতিশোধ কখনো সুখ আনতে পারে না, বরং তা আমাদের আরও বিষণ্ণ ও নিঃসঙ্গ করে তোলে।
০৮। অতীত যদি আঁকড়ে ধরে রাখা হয়, তবে তা বর্তমান ও ভবিষ্যৎকেও ধ্বংস করেঃ হিথক্লিফ কখনোই ক্যাথরিনের মৃত্যুকে মেনে নিতে পারেনি। সে প্রতিটি মুহূর্ত তার অতীতের সাথে বেঁচে ছিল, যা তার জীবনের শান্তি কেড়ে নিয়েছিল। অর্থাৎ অতীতের কষ্টের স্মৃতি ধরে রাখলে তা আমাদের বর্তমান ও ভবিষ্যৎ উভয়ই ধ্বংস করে দিতে পারে।
০৯। ভালোবাসার নামে আবেগকে নিয়ন্ত্রণ করা দরকারঃ ক্যাথরিন ও হিথক্লিফের ভালোবাসা সীমাহীন আবেগের দ্বারা চালিত ছিল। কিন্তু সেই আবেগ তাদের জীবনে সুখ আনেনি, বরং কষ্টের এক অন্তহীন চক্র তৈরি করেছিল। তাই আবেগ কখনো কখনো নিয়ন্ত্রণ করা দরকার, নাহলে তা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে।
১০। পরবর্তী প্রজন্মের মাধ্যমে আশার পুনর্জন্ম হতে পারেঃ যদিও হিথক্লিফ ও ক্যাথরিনের গল্প ছিল এক বেদনার উপাখ্যান, তাদের পরবর্তী প্রজন্ম ক্যাথি ও হ্যারিটন একটি নতুন সূচনা করেছিল। তারা তাদের পূর্বপুরুষদের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করেছিল। এটি মনে করিয়ে দেয়, জীবন বারবার আমাদের নতুন সুযোগ দেয়, আর আমরা চাইলেই সেই আগের ভুলগুলো শুধরে নিতে পারি।
ব্যক্তিগত মতামত
বইটি পড়ার পর মনে হল একটি কালজয়ী গল্পের শেষ হলেও মানুষের যে ভিন্ন মাত্রার অনুভূতি তার শেষ হয়নি। বইটি পড়ে মনে হল এটা শুধুই প্রেমের গল্প না বরং প্রেমের বাইরে গিয়ে এর সাথে সংযোজিত হয়েছে প্রতিশোধ, সামাজিক অবস্থান, অভিশাপ, ও মানুষের মনের গভীরতম আবেগের এক চিত্র। হিথক্লিফ ও ক্যাথরিনের ভালোবাসা কখনো পরিপূর্ণ হয়নি, কিন্তু তা তাদের মৃত্যুপরবর্তী জীবনেও বেঁচে ছিল। বইটি যখন পড়া শেষ করলাম তখন মনে হলো, কিছু প্রেম কখনো শেষ হয় না। তারা হয়তো একসঙ্গে বাঁচতে পারেনি, কিন্তু মৃত্যুর পর হয়তো তারা একসঙ্গে থাকতে পেরেছে—এক নিঃসঙ্গ, নির্জন রাজ্যে যেখানে শুধুই ঝড় আর কষ্টের প্রতিধ্বনির প্রতিফলিত হয়।
এটি নিঃসন্দেহে এক অনন্য সাহিত্যকর্ম। এমিলি ব্রন্টে কেবল এক প্রেমের কাহিনি লেখেননি, তিনি মানব হৃদয়ের জটিলতা, সমাজের কঠোরতা, ও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের এক চিরকালীন প্রতিচ্ছবি তৈরি করেছেন। বইটি পড়ে মনে হয়েছে ভালোবাসা কেবল আনন্দের না। এটা কখনো তীব্র, কখনো অস্থির, কিন্তু সবসময়ই মানব হৃদয়ের একটি অবিচ্ছেদ্য অংশ।


