একবারে সব নাঃ বার্ড বাই বার্ড, অ্যান ল্যামট
কিছু বই পড়লে আমাদের ভেতরে যে বিভিন্ন ধরণের চাপ অনুভূত হয় তা অনায়াসেই নেমে আসে। যেন কেউ কাঁধে হাত রেখে বলছে, তুমি ঠিক আছো, এভাবেই এগোতে থাকো।
অ্যান ল্যামটের বার্ড বাই বার্ড (Bird by Bird) ঠিক এমনই একটি বই। এই বই লেখালেখির নির্দেশিকা হওয়ার চেয়ে বেশি কিছু, বলা যেতে পারে ব্যক্তির এক ধরনের সঙ্গী। লেখার টেবিলে বসে যে দ্বিধা, ভয় আর আত্মসন্দেহ আমাদের ঘিরে ধরে, এই বই সেগুলোর নাম জানে।
Bird by bird-এই ছোট্ট বাক্যটি এখানে কেবল একটি কৌশল নয়, বরং একটি জীবনদর্শন। এর মানে হল একবারে পুরো গল্প নয়, দিনে এক লাইন করে লিখো। একবারে নিজেকে পুরো বদলে না ফেলে, চলমান মুহূর্তটুকুতে সৎ থাকো। একবারে পুরো আকাশ জয় করার চেষ্টা না করে, এক্টু এক্টু করে আগাও। একবারে পুরো বই শেষ করার চেষ্টা না করে, একটি বাক্য পড়। একবারে পুরো জীবন যাপন না করে, শুধু আজকের দিনটুকুই বাঁচো।
বইটি মূলত লেখালেখি শেখায় না, বরং ধৈর্য ধরতে শেখায়। আর কীভাবে অসম্পূর্ণ থেকেও লেখা চালিয়ে যেতে হয়, কীভাবে অসম্পূর্ণ হয়েও বেঁচে থাকা যায় ইত্যাদি বাতলে দেয়।
লেখালেখি মানে সাহস করে দেখা
লেখালেখি কোনো অলংকৃত দক্ষতা নয়, এটি একটি মনোযোগের কাজ। ভালো লেখা আসে তখনই, যখন আমরা সত্যিই দেখি-নিজেকে, মানুষকে, চারপাশের পাশাপাশি সব ধরণের পরিস্থিতিকে। সুন্দর করে নয়, বরং স্পষ্ট করে।
আর এই দেখার কাজটি সহজ না। কারণ দেখতে গেলে আমাদের নিজেদের ভেতরকার ভয়, ঈর্ষা, ক্ষুদ্রতা, রাগ-সবকিছুর মুখোমুখি হতে হয়। বার্ড বাই বার্ড সেই মুখোমুখি হওয়ার বই। এটি লেখকদের বলে তোমার ভয় মানেই তুমি অযোগ্য নও, বরং ভয়ই প্রমাণ করে যে তুমি গুরুত্ব দিচ্ছ।
নিখুঁততার মিথ ভাঙা
আধুনিক সময়ে লেখালেখি প্রায়ই পারফরম্যান্সে পরিণত হয়েছে। প্রথম খসড়াতেই চমক চাই, প্রথম চেষ্টাতেই প্রশংসা চাই। ল্যামট এই ধারণার সম্পূর্ণ বিপরীতে দাঁড়ান।
তার বিখ্যাত “শিটি ফার্স্ট ড্রাপ্ট” ধারণা এক ধরনের মানসিক মুক্তি। তার মতে, প্রথম খসড়ার কাজ ভালো হওয়া জরুরী না, কেবল লেখার জন্ম হওয়াটা এখানে মুখ্য বিষয়। লেখা জন্ম নেবে এলোমেলোভাবে, অগোছালোভাবে, অপ্রীতিকর ভাবে আর এটাই স্বাভাবিক। যে মানুষ নিজেকে ভুল করার পর আবার নতুন করে চেষ্টা করার অনুমতি দিতে পারে, সে-ই বারবার সেই কাজটি করে উন্নতি করতে পারে।
লেখকের ভেতরের অস্বস্তি
অন্যের সাফল্য অনেক সময় আমাদের ভেতরে অদৃশ্য এক ব্যথা তৈরি করে। সেই সাফল্য যেন আয়নার মতো যেখানে আমরা নিজের অসম্পূর্ণতাগুলো আরও স্পষ্ট করে দেখতে পাই। ধীরে ধীরে তুলনার এই অভ্যাস আমাদের মনকে অস্থির করে তোলে, মনোযোগ সরিয়ে নেয় নিজের পথ থেকে, নিজের কাজের গভীরতা থেকে। আমরা তখন আর কী করছি বা কেন করছি তা নয়, বরং কে কতটা এগিয়ে গেল সেই হিসাবেই আটকে পড়ি।
কিন্তু সত্য হলো, এই তুলনা আমাদের সামনে এগোনোর শক্তি বাড়ায় না, বরং আমাদের ভেতরের সৃজনশীলতা, মনোসংযোগ আর আত্মবিশ্বাসকে ক্ষয় করে। প্রত্যেক মানুষের পথ আলাদা, সময় আলাদা, লড়াই আলাদা। অন্যের সাফল্যের গল্প আমরা পুরোটা জানি না, জানি না তার পেছনের নিঃসঙ্গতা, পরিশ্রম আর অপেক্ষার সময়গুলো।
তাই দিনশেষে সবচেয়ে জরুরি হয়ে ওঠে নিজের ভেতরের শব্দকে শোনা। যে শব্দ আমাদের বলে দেয় আমরা কে? কী করতে চাই? আর কোন পথে হাঁটলে নিজের সঙ্গে সৎ থাকা যায়? বাইরের কোলাহল, তুলনা আর মাপকাঠি যতই জোরে চিৎকার করুক না কেন, সেগুলোকে উপেক্ষা করতে শেখাই আত্মবিকাশের প্রথম ধাপ। নিজের গতিতে, নিজের বিশ্বাস নিয়ে এগোনোই শেষ পর্যন্ত সবচেয়ে অর্থপূর্ণ সাফল্য হয়ে ওঠে।
লেখালেখিঃ একটি নৈতিক অবস্থান
আমরা কেন লিখি এই প্রশ্নটি যতটা সহজ শোনায়, উত্তরটি ততটাই গভীর। খ্যাতির জন্য? পাঠকের করতালি বা সামাজিক স্বীকৃতির জন্য? নাকি আরও কিছু সত্য, আরও মানবিক কিছুর জন্য? লেখালেখির পথচলায় এই প্রশ্নটি বারবার ফিরে আসে, আর প্রতিবারই আমাদের নিজের ভেতরের দিকে তাকাতে বাধ্য করে।
অ্যান ল্যামটের উত্তর এখানে নির্মোহ ও স্পষ্ট। লেখালেখি মানে সত্যের পাশে দাঁড়ানো। এমন এক সত্য, যা আমাদের সব সময় সুন্দর করে তুলে ধরে না, যা হয়তো আরামদায়ক নয়, কিংবা শুনতেও ভালো লাগে না। তবুও সেই সত্যকে বলা জরুরি, কারণ সেই অস্বস্তিকর সত্যই কারও জীবনে আশ্রয় হয়ে উঠতে পারে।
যখন একজন লেখক নিজের ভাঙা, ক্ষতবিক্ষত, অসম্পূর্ণ জায়গা থেকে লেখেন, তখন সেই লেখা আর শুধু ব্যক্তিগত থাকে না। পাঠক সেখানে নিজের ভয়, নিজের দ্বিধা, নিজের না বলা কথার প্রতিচ্ছবি খুঁজে পান। অচেনা এক লেখকের শব্দে হঠাৎ করে নিজের গল্পের ছায়া দেখতে পাওয়াই সাহিত্যের সবচেয়ে গভীর অভিজ্ঞতা।
সাহিত্যের আসল শক্তি লুকিয়ে থাকে সংযোগে। সত্যের মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের নীরব সংযোগ তৈরি হয়, যেখানে কেউ একা থাকে না। লেখালেখি তখন আর কেবল শব্দের খেলা নয়, তা হয়ে ওঠে বোঝাপড়ার, সাহসের আর মানবিকতার এক নিঃশব্দ হাত ধরা।
শৃঙ্খলা, কিন্তু দয়া দিয়ে
যদি নিয়মিত না লেখো, তবে তুমি লেখক নও এই নির্মম ধারণার বিপরীতে ল্যামট এক শান্ত কিন্তু দৃঢ় কথা বলেন। তার কাছে লেখালেখির শৃঙ্খলা মানে আত্মনির্যাতন নয়, বরং মানবিক থাকা। ক্লান্তি, শোক, সংসারের চাপ বা অসুস্থতার ভেতরেও লেখার চেষ্টা করা জরুরি ঠিকই, কিন্তু নিজেকে দোষারোপ করে না।
লেখা চালিয়ে যাওয়ার আসল অনুশীলনটি এখানে। নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করেও কলম না ফেলে রাখা। কারণ নিজের প্রতি সহানুভূতিশীল হতে না পারলে, অন্যের গল্প, অন্যের কষ্টও সত্যিকারের অনুভব করা যায় না। তাই শৃঙ্খলা দরকার, কিন্তু তা হতে হবে দরদের সঙ্গে, অন্যের আগে নিজের প্রতিই।
ব্যক্তিগত মতামত
এই বই আমাদের মনে করিয়ে দেয়, সবকিছু ঠিকঠাক না থাকলেও কলম তুলে নেওয়াই আসল সাহস। প্রতিটি শব্দে নিখুঁত হওয়ার চাপে আটকে না থেকে, মুহূর্তে মুহূর্তে নিজের অনুভূতির পাশে দাঁড়ানোই লেখালেখির প্রকৃত অনুশীলন। উপস্থিত থাকা মন দিয়ে, সততার সঙ্গে এটাই এখানে সবচেয়ে বড় শিক্ষা।
এই কারণেই বার্ড বাই বার্ড শুধু লেখকদের জন্য নয়, জীবনের সঙ্গে বোঝাপড়া করতে চাওয়া যে কারও জন্য গুরুত্বপূর্ণ একটি বই। আশা করি এই বই পড়ে পাঠকেরা লেখালেখির পাশাপাশি নিজের ভেতরের ভাঙা জায়গাগুলোকেও নতুন চোখে দেখার সাহস পাবেন এবং সত্যের সঙ্গে থাকলে কতোটা মানসিক শক্তি পাওয়া যায় তা অনুভব করবেন।


