জীবনের শেষ পাঠঃ মিচ অ্যালবমের টিউসডেস উইথ মরি আমার দৃষ্টিতে
জীবন কি কেবলই গন্তব্যের দিকে ছুটে চলা, নাকি পথের প্রতিটি বাঁকে শেখার এক নিরন্তর সুযোগ? মিচ অ্যালবমের টিউসডেস উইথ মরি বইটি পড়ার সময় এই প্রশ্নটি আমার মনের গভীরে আলোড়ন তোলে। এটি কোনো সাধারণ গল্প নয়, বরং একজন শিক্ষকের জীবনের শেষ অধ্যায়ের সাক্ষাৎকার, যেখানে প্রতিটি বাক্য জীবনের গভীরতাকে ছুঁয়ে যায়।
বইটি যখন পড়া শুরু করি, তখন একধরনের কৌতূহলের পাশাপাশি কিছুটা উদাসীনতাও ছিল আমার মধ্যে। একজন বয়স্ক অধ্যাপক, মরি শোয়ার্জ, তার মৃত্যুসম্ভাব্য অসুখ ALS-এর সঙ্গে লড়াই করছেন, আর তার সাবেক ছাত্র মিচ তার জীবনের শেষ সময়ে প্রতি মঙ্গলবার তার কাছে ফিরে আসছেন, জীবনের শিক্ষাগুলো জানার জন্য। গল্পটি যত এগোতে লাগল, ততই মনে হলো, আমি যেন তাদের কথোপকথনের নীরব এক অংশীদার হয়ে উঠেছি।
সম্পর্কের আবরণ
মিচঃ মরি, আপনি কি মনে করেন, জীবনের মানে কী?
মরিঃ জীবন মানে ভালোবাসা, মিচ। ভালোবাসা পেতে নয়, ভালোবাসা দিতে। যদি তুমি কেবল নিজের জন্য ভালোবাসা খুঁজো, তুমি কখনোই সুখী হতে পারবে না।
মরির এই কথাগুলো আমার মনে গভীর দাগ কাটে। কারণ ভালোবাসা ছাড়া জীবন মূল্যহীন। যেখানে মানুষের সঙ্গে সংযোগই আমাদের জীবনের মূল সুর সেখানে আমরা আমাদের সম্পর্কগুলোকে প্রায়ই গুরুত্ব দিই না, ব্যস্ততায় বা অসচেতনতায় দূরে সরিয়ে রাখি। ঠিক সে মুহূর্তে আমার মনে পড়ে গেলো শরৎচন্দ্রের বিখ্যাত লাইনটি, “কপালের যেখানটায় বসন্তের দাগ ছিল, সবাই চোখ ফিরিয়ে নিত ঘেন্নায়! সেখানটায় চুমু খেয়ে বুঝিয়ে দিতে হয় ভালোবাসা জিনিসটা সবার জন্য আসেনি!”
তাই নতুন করে নিজের জীবনে ফিরে তাকালাম। কত সম্পর্ক আমি অবহেলা করেছি, আর করছি, কত মানুষকে আমি ভুল বুঝেছি। মরি যেন আমাকে প্রতিটি সম্পর্কের প্রতি সজাগ হতে নতুন করে অনুপ্রাণিত করলেন।
মিচঃ সম্পর্কগুলো কেন এত কঠিন মনে হয়?
মরিঃ কারণ আমরা বোঝার আগে বিচার করতে চাই। আগে বোঝার চেষ্টা করো, তারপর ভালোবাসো। সম্পর্ক তখনই গভীর হয়, যখন তুমি সত্যিকার অর্থে শোনো এবং অন্যকে গ্রহণ করো।
মৃত্যু নিয়ে শিখতে শিখতে বাঁচা
মিচঃ আপনি কি সত্যিই মৃত্যু নিয়ে এত সহজভাবে ভাবতে পারেন?
মরিঃ একদম। মৃত্যু জীবনের শেষ নয়, মিচ। এটা জীবনের শিক্ষক। যখন তুমি সত্যিই মৃত্যু মেনে নাও, তখন প্রতিটি মুহূর্তকে আরও গভীরভাবে বাঁচতে পারো।
শিক্ষক-ছাত্রের প্রতি মঙ্গলবারের আলাপ যেন জীবনের মূলে পৌঁছানোর এক অদ্ভুত যাত্রা। কারণ মৃত্যুকে মেনে নিলেই, জীবনকে বোঝা সহজ হয়। প্রথমে কথাটি অবাস্তব লাগলেও, ধীরে ধীরে বুঝতে পারলাম এর গভীর তাৎপর্য।
আমরা সবাই মৃত্যু এড়িয়ে চলি, কিন্তু মরি দেখিয়েছেন কীভাবে মৃত্যুর দিকে তাকিয়ে জীবনকে আরও সম্পূর্ণভাবে উপলব্ধি করা যায়। নিজে ভেবে দেখলাম, আমার জীবনের কোনো একটি দিন যদি শেষ দিন হয়, তাহলে আমি কীভাবে বাঁচতাম? আর এই উপলব্ধি আমাকে প্রতিদিনের প্রতি কৃতজ্ঞ হতে শিখিয়েছে।
অর্থের মায়া এবং জীবনের অর্থ
মিচঃ আপনি কি মনে করেন, অর্থ বা খ্যাতি আমাদের সুখ এনে দিতে পারে?
মরিঃ না, মিচ। অর্থ তোমাকে স্বস্তি দিতে পারে, কিন্তু শান্তি নয়। খ্যাতি তোমাকে মানুষের কাছে পরিচিত করতে পারে, কিন্তু আত্মাকে পূর্ণ করতে পারে না।
মরি সরাসরি আঙুল তুলেছেন আমাদের আধুনিক জীবনের অসঙ্গতিগুলোর দিকে। কারণ অনেক সময় সামাজিক নিয়মকানুন, রীতি-নীতি আমাদের ভুল পথে চালিত করে। ফলে আমরা অর্থ, খ্যাতি, ও সফলতার পিছনে ছুটতে গিয়ে জীবনের প্রকৃত সৌন্দর্য হারিয়ে ফেলি।
মিচঃ আমরা তো সবাই সমাজের নিয়ম মেনে চলি। এটাই তো স্বাভাবিক, তাই না?
মরিঃ স্বাভাবিক? না, মিচ। সমাজ তোমাকে এমন কিছু শেখায় যা তোমার হৃদয় চায় না। নিজের নিয়ম তৈরি করো। সমাজের মাপকাঠিতে তোমার জীবনকে মাপতে দিও না।
তাই নিজেকে প্রশ্ন করলাম, আমার জীবনের লক্ষ্যগুলো কি সত্যিই আমার নিজের, নাকি এগুলো সমাজের চাপিয়ে দেওয়া? কারণ জীবন তখনই অর্থপূর্ণ হয়, যখন আমরা এমন কিছু খুঁজে পাই যা সত্যিকার অর্থে আমাদের আত্মাকে আনন্দিত করে।
একজন শিক্ষক, একটি উত্তরাধিকার
মরির চরিত্রটি আমাকে ভাবিয়েছে, একজন শিক্ষক আসলে কী। তিনি কেবল পাঠদান করেন না, তিনি জীবনের দিকনির্দেশনা দেন, এমন একটি উত্তরাধিকার তৈরি করেন, যা তার মৃত্যুর পরেও থেকে যায়।
মরি আমাকে নতুন করে অনুপ্রাণিত করেছেন, জীবনকে শুধুই কাজের মাপকাঠিতে নয়, বরং প্রতিনিয়ত শেখা, ভালোবাসা, ও অনুপ্রেরণার আলোকে দেখতে। তার কথাগুলো আমার কাছে জীবনের গভীর মন্ত্র হয়ে গেছে।
ব্যক্তিগত মতামত
মিচ অ্যালবমের লেখনী সরল, কিন্তু তাতে এক গভীর আবেগের স্রোত রয়েছে। বইটি পড়তে পড়তে মনে হয়েছে, যেন আমি মরি এবং মিচের মধ্যে বসে আছি। প্রতিটি শব্দ যেন আমার হৃদয় ছুঁয়ে যায়।
কথোপকথনের প্রতিটি অধ্যায় আমাকে নতুন কিছু শিখিয়েছে। এটি এমন একটি বই, যা প্রতিটি অধ্যায় পড়ার পর আমাকে থেমে গিয়ে ভাবতে, জীবনকে খুব কাছ থেকে উপলব্ধি করতে বাধ্য করেছে।
কারো যদি জীবনের গভীর প্রশ্নগুলোর উত্তর খুঁজতে ইচ্ছে হয়, তবে এই বইটি পড়ার অনুরোধ রইলো। কারণ বইটি আপনাকে আপনার আত্মার সঙ্গে পরিচিত করাবে, এবং জীবনের ছোট ছোট মুহূর্তগুলোতে আনন্দ খুঁজতে শিখাবে। “একদিন আমরা মারা যাব, কিন্তু আমরা প্রতিদিনই বাঁচার সুযোগ পাই।”


