জীবনের অর্থের সন্ধানেঃ ভিক্টর ফ্রাঙ্কলের ম্যান’স সার্চ ফর মিনিং
আমি যখন প্রথম ভিক্টর ফ্রাঙ্কলের ম্যান’স সার্চ ফর মিনিং বইটি হাতে নিই, তখন মনে হয়েছিল এটি হয়তো একটি সাধারণ স্মৃতিকথামূলক বই। কিন্তু পড়া শুরু করতেই বুঝতে পারি, এটি কেবলই একটি গ্রন্থ নয়, বরং মানুষের জীবনের অর্থ খোঁজার নিরন্তর লড়াইয়ের এক গভীর ও জটিল মানসিক মানচিত্র। ফ্রাঙ্কল নিজে একজন হলোকাস্ট বেঁচে থাকা ব্যক্তি। তিনি তার জীবনের সেই বিভীষিকাময় অভিজ্ঞতা থেকে অর্জিত দর্শন-চিন্তা-শিক্ষা দিয়ে বইটিকে গভীর অর্থপূর্ণ করেছেন। বইটি আমাদের মানব অস্তিত্বের মর্মকে প্রশ্নবিদ্ধ করে, এবং একই সাথে অনুপ্রাণিত করে আমাদের অস্তিত্বের গভীরে লুকিয়ে থাকা অর্থ কে খুঁজে পেতে।
মানবিক দুর্ভোগের অন্ধকারে আলো খোঁজা
বইয়ের প্রথম অংশে ফ্রাঙ্কল তার হলোকাস্ট-জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন।বর্ণনা করেছেন কনসেনট্রেশন ক্যাম্পে বন্দিদের জীবন কেমন ছিল। প্রতিদিনের অবর্ণনীয় দুঃখ, ক্ষুধা, শারীরিক নির্যাতন, এবং মৃত্যুর ছায়ার মধ্যেও, ফ্রাঙ্কল লক্ষ্য করেছেন এক গভীর সত্যঃ মানুষ যে কোনো পরিস্থিতি থেকেই সুন্দরভাবে বেঁচে থাকার অর্থ তৈরি করতে পারে। তিনি বলেছেন, “মানুষ তার সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাবার পরেও, একটি জিনিস তার কাছে অনবরত বিদ্যমান থাকে—তার নিজের মনোভাব নির্ধারণের স্বাধীনতা”।
কনসেনট্রেশন ক্যাম্পের সেই অমানবিক পরিবেশে বন্দি থাকার সময়, তিনি দেখেছেন মানুষের হৃদয় কিভাবে ভাঙ্ঘে আর পুনর্গঠিত হয়। ক্যাম্পের প্রতিটি দিন যেন মৃত্যুর এক নতুন ভাষ্য। ক্ষুধার্ত শরীর, শীতল তুষারে কাঁপতে থাকা বন্দিরা, আর জীবনের সবরকম আশা হারিয়ে ফেলা মানুষের চোখের ভাষা—এই দৃশ্যগুলো ফ্রাঙ্কলের লেখার প্রতিটি লাইনে স্পষ্ট হয়ে ওঠে। এসব পড়ে নিজেকে প্রশ্ন করি, “এই পরিস্থিতিতে আমি কী করতাম? আমি কি বাঁচার অর্থ খুঁজে পেতাম?”
তবে এই দুর্বিষহ পরিবেশেও মানুষ তার ভেতরের স্বাধীনতা খুঁজে নিতে পারে। “মানুষের সবকিছু কেড়ে নেওয়া যেতে পারে, কিন্তু তার নিজের মনোভাব নির্ধারণের স্বাধীনতাটি কেউ কেড়ে নিতে পারে না”। কথাগুলো পড়ে আমি থমকে যাই। এমন এক সত্যের মুখোমুখি হওয়া সহজ নয়, যা বলে দেয়, জীবন যত কঠিনই হোক, বেঁচে থাকার অর্থ আমরা নিজেরাই তৈরি করি।
লগোথেরাপিঃ জীবনের অর্থ খোঁজার পদ্ধতি
জীবনের অর্থই মানুষকে বাঁচিয়ে রাখে। অর্থহীনতার কারণে মানুষ হতাশায় ভোগে। তাই এই হতাশা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো জীবনের গভীর অর্থ আবিষ্কার করা।
এখানে তিনি বলেন, জীবনের অর্থ তিনভাবে খুঁজে পাওয়া যায়ঃ
০১। কাজের মাধ্যমে, যা জীবনে গভীর মূল্য নিয়ে আসে।
০২। ভালোবাসার অভিজ্ঞতা, যা মানব আত্মার গভীরে স্পর্শ করে।
০৩। দুঃখ-কষ্টকে গ্রহণ করে এবং তা থেকে কিছু শেখার মধ্য দিয়ে, যা আমাদের চরিত্র গঠনে সহায়তা করে।
আমি বিশেষ করে তার এই কথাটিতে অত্যন্ত মুগ্ধ হই- “যে ব্যক্তি তার জীবনের “কেন” কে খুঁজে পেয়েছে, সে যেকোনো “কীভাবে” কে অনায়াসে সহ্য করতে পারে”। উপলব্ধি করি, জীবনের প্রতিটি সংকটই একটি প্রশ্নবোধক চিহ্ন। আর আমাদের দায়িত্ব হলো এর উত্তরের সন্ধান করা।
মূলত লগোথেরাপির মূল ধারণা হল, অর্থের (জীবনের মিনিং) অভাবেই মানুষ হতাশায় ভোগে। তাই এই অর্থের সন্ধানই আমাদের মানসিক শান্তি ও জীবনের গতিপথ নির্ধারণ করে।
জীবনের একটা পর্যায়ে এসে মানুষ যখন সবদিক দিয়ে নিঃস্ব হয়ে যায়, উত্থান পতনে পতিত হয় সেই মুহূর্তেও শুধুমাত্র প্রিয়জনের চেহারাকে অনুভব করে বেঁচে থাকার অর্থ খোঁজে নেওয়া সম্ভব। আর শুধুমাত্র ভালোবাসা কীভাবে মানুষের আত্মাকে জাগিয়ে তোলে তার প্রমাণ পেয়েছি ফ্রাঙ্কলের তার স্ত্রীর প্রতি ভালোবাসার ধরণ দেখে। ক্যাম্পে তার স্ত্রীর ছবি তার সঙ্গে না থাকলেও, তার স্মৃতিই তাকে জীবনের গভীরতম অন্ধকার থেকে বাঁচিয়ে রেখেছিল। ফ্রাঙ্কলের ভাষায়, “ভালোবাসা মানুষের আত্মার শেষ আশ্রয়স্থল”। এই কথাগুলো আমাকে আমার নিজের জীবনের সম্পর্কগুলো নিয়ে ভাবতে বাধ্য করে। বুঝতে পারি, ভালোবাসা এক অমোঘ শক্তি, যা সবকিছুকে অতিক্রম করতে পারে।
আমাদের সবারই জীবনে এমন কিছু কঠিন মুহূর্ত আসে যখন মনে হয় জীবনের সব অর্থ শেষ। কিন্তু ম্যান’স সার্চ ফর মিনিং পড়ার পর অনুভব করলাম আসলে কষ্টকে এড়িয়ে গিয়ে না, বরং তা গ্রহণ করাই জীবনের প্রকৃত পথ। এখন বুঝি, আমাদের প্রত্যেক দুঃখ-কষ্ট, প্রতিটি সংগ্রাম আসলে জীবনের অর্থেরই এক অংশ। এসব দুঃখ, কষ্ট, সংগ্রাম আমাদের আরও শক্তিশালী করে গড়ে তুলে, যদি আমরা তা কনসাচলি গ্রহণ করতে পারি।
পরিশেষে, জীবনের প্রতিটি মুহূর্তই অর্থপূর্ণ, যদি আমরা তা খুঁজে নিতে প্রস্তুত থাকি। জানি, জীবনের নিয়ন্ত্রণ আমার হাতে নেই, কিন্তু জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আমার হাতের মুঠোয়।
ব্যক্তিগত মতামত
ম্যান’স সার্চ ফর মিনিং বইটি শুধু একটি স্মৃতিকথামূলক বই না, এটি একটি জীবনের দর্শন। এটি আমাদের স্মরণ করিয়ে দেয়, আমরা যা হারাই তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা কী খুঁজে পাই। ফ্রাঙ্কলের এই বই প্রতিটি পাঠকের জন্য একটি আত্ম-উপলব্ধির বার্তা বহন করে। জীবন যতই কঠিন হোক না কেন, অর্থ খুঁজে পাওয়া সম্ভব, যদি আমরা তা খুঁজতে প্রস্তুত থাকি। আমার মতে বইটি শুধু পড়ার জন্য নয়, বরং জীবনের যেকোনো সংকট মুহূর্তে পাশে রাখার জন্য। এটি সেই বাতিঘর, যা আমাদের দিকনির্দেশনা দেয় জীবনের অন্ধকারে পথ খুঁজে পেতে।


