বিক্ষিপ্ততার জগতে একাগ্রতার খোঁজেঃ গ্যারি কেলার ও জে পাপাসানের দ্য ওয়ান থিং
জীবনের প্রতিটি দিনই আমাদের কাছে একেকটি সুযোগ। কিন্তু প্রতিদিন আমরা কি সেই সুযোগগুলোর সদ্ব্যবহার করতে পারি? তাছাড়া জীবনের অর্থ কী? অসংখ্য কাজের সমষ্টি, যা প্রতিদিন আমরা শেষ করার চেষ্টা করি? নাকি এটি সেই মুষ্টিমেয় কয়েকটি কাজের প্রতি মনোযোগী হওয়া, যা আমাদের জীবনের প্রকৃত মানে নির্ধারণ করে দেয়? গ্যারি কেলার এবং জে পাপাসানের দ্য ওয়ান থিং বইটি পড়তে গিয়ে এই প্রশ্নগুলোর মুখোমুখি হয়েছি। বইটি এক ধরনের দার্শনিক আহ্বান—একটি ব্যস্ত, বিক্ষিপ্ত জগতে কীভাবে নিজের জন্য, কাজের জন্য প্রাসঙ্গিকতা খুঁজে নিতে হয় তারই পথনির্দেশ।
বইটি পড়া শুরু করি, তখন আমার অবস্থা বেশীরভাগ মানুষের মতোই ছিল—অনবরত কাজের চাপে বিপর্যস্ত, অসংখ্য অগ্রাধিকারের ভারে ক্লান্ত। বলতে গেলে পুরোই অগোছালো। আমি প্রতিদিন অসংখ্য কাজের তালিকা তৈরি করতাম, আর দিনশেষে মনে হতো, কোনো কাজই যেন সম্পূর্ণ হয়নি। অবশেষে একগাদা ফ্রাস্ট্রেশন নিয়ে নিজেকে তুচ্ছতাচ্ছিল্য করা শুরু করি। কিন্তু বইটি পড়ার পর প্রথমবারের মতো আমি বুঝতে পেরেছি যে মূলত আসল সাফল্য কাজের সংখ্যা দিয়ে আসে না, বরং একটি কাজকে আপনি কিভাবে করছেন, কোন পদ্ধতিতে করছেন, কি পরিমাণ ইন্টেন্সিটি ও কন্সিস্টেন্সি বজায় রাখছেন সেই কাজটি করতে ইত্যাদিই সফলতার মূল নির্ধারক।
একাগ্রতার শক্তিঃ একটি কেন্দ্রীয় ধারণার উদ্ঘাটন
“সবকিছুই সমান গুরুত্বপূর্ণ নয়। তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ খুঁজে বের করো আর তাতে সম্পূর্ণ মনোযোগ দাও।” এই ধারণা এতটাই সরল যে প্রথমে একে উপেক্ষা করা সহজ মনে হয়। কিন্তু যখন লেখকরা তাদের উদ্ধৃতি কে বাস্তব উদাহরণ ও গবেষণার মাধ্যমে বিশ্লেষণ করেন, তখন এর গভীরতা আমাকে অত্যন্ত মুগ্ধ করে।
উদাহরণস্বরূপ—ডমিনোর কথা উল্লেখ করা হয়েছে। একটি সঠিকভাবে সাজানো ডমিনো যখন পড়ে, তখন তার শক্তি আশপাশের ডমিনোগুলোতে প্রভাব ফেলে, ফলে একটি চেইন রিঅ্যাকশন তৈরি হয়। ঠিক তেমনি আমরা যদি একটি গুরুত্বপূর্ণ কাজ সঠিক সময়ে সম্পন্ন করতে পারি, তাহলে তার প্রভাব আমাদের বাকি কাজগুলোকে আরও বেশি সহজ করে দেয়।
এই ডমিনো থিওরির উপর ভিত্তি করে লেখকরা একটি প্রশ্ন উত্থাপন করেছেন-“এমন একটি কাজ, যা করলে বাকি সবকিছু সহজ বা অপ্রয়োজনীয় হয়ে যাবে?” এই প্রশ্নটি আমাকে স্তব্ধ করে দিয়েছিল। বুঝতে পারলাম, প্রতিদিন আমি- আমরা এতো এতো উল্টা-পাল্টা বিভ্রান্তির মধ্যে ডুবে থাকি যে আমাদের প্রকৃত লক্ষ্যগুলো ঝাপসা হয়ে যায়।
“না” বলার শিল্পঃ এক দুঃসাহসিক প্রস্তাব
বইয়ের সবচেয়ে চ্যালেঞ্জিং কিন্তু গুরুত্বপূর্ণ শিক্ষা হলো “না” বলতে শেখা। আমরা প্রায়ই আমাদের সময় ও শক্তি এমন কাজগুলোতে ব্যয় করি, যা আমাদের লক্ষ্য পূরণের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কিন্তু “না” বলা আসলে এমন কাজগুলোর জন্য “হ্যাঁ” বলার সুযোগ সৃষ্টি করে, যেগুলো সত্যিই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমি দীর্ঘদিন ধরে এমন একজন ছিলাম, যে কখনো “না” বলতে পারতাম না। প্রতিটি অনুরোধে সাড়া দিতাম, অপ্রয়োজনীয় কাজকে প্রায়োরিটি দিয়ে নিজেকে ক্লান্ত করে তুলতাম। কিন্তু এই বইটি আমাকে বুঝতে সাহায্য করেছে যে, “না” বলা মানে নিজেকে নিজের প্রায়োরিটি/ অগ্রাধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ করা। এটি একটি ক্ষমতাশীল অনুশীলন, যা আমাকে আমার জীবনের নিয়ন্ত্রণ নিতে সাহায্য করেছে।
ইচ্ছাকৃত জীবনযাপনঃ অভ্যাস নয়, নকশা
“তোমার জীবনকে অভ্যাসের উপর ছেড়ে দিও না, একে নকশা করো”। লেখকরা অনুপ্রেরণা জোগান জীবনের প্রতিদিনের পরিকল্পনা এমনভাবে সাজাতে, যেখানে অপ্রয়োজনীয় কাজগুলো বাদ পড়ে যাবে এবং গুরুত্বপূর্ণ কাজগুলো প্রাধান্য পাবে।
এই মেসেজটি আমার জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক ও হেল্পফুল হয়েছে। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে নিজের সেই “ওয়ান থিং” চিহ্নিত করা আর সেটি সম্পন্ন করার চেষ্টা করা আমার একটি অভ্যাসে পরিণত হয়েছে। এখন আমার দিনগুলো আগের তুলনায় অনেকটা সার্থক ও সহজ মনে হয়।
বইটি আমাকে শিখিয়েছে-
০১। অগ্রাধিকার নির্ধারণের গুরুত্বঃ প্রতিটি কাজের মধ্যে গুরুত্বের পার্থক্য থাকে। অনেক অপ্রয়োজনীয় কাজ আসলে সময় ও মনোযোগ উভয়ই নষ্ট করে।
০২। পারেটো নীতিঃ ৮০/২০ নিয়মটি আমার চিন্তাভাবনায় আমূল পরিবর্তন এনেছে। এর অর্থ হচ্ছে ৮০ শতাংশ সাফল্য আসে মাত্র ২০ শতাংশ কাজ থেকে। তাই এই ২০ শতাংশ গুরুত্বপূর্ণ কাজগুলোর প্রতি মনোযোগ দেওয়াই আমার মুখ্য বিষয়।
০৩। “না” বলার দক্ষতাঃ “না” বলা আমার জন্য সবসময়ই কঠিন ছিল। প্রয়োজনীয় নয় এমন কাজ বা অনুরোধকে “না” বলতে পারার যে একটা মেসেজ পেয়েছি তা আসলেই আমাকে আমার আসল কাজের প্রতি আরও বেশি মনোযোগী হতে সাহায্য করেছে।
ব্যক্তিগত মতামত
দ্য ওয়ান থিং এমন একটি বই যা শুধু কাজের পদ্ধতিই নয়, জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। বইটি পড়ে আমি উপলব্ধি করেছি যে, জীবনে সাফল্য ও শান্তি অর্জনের জন্য অনেক কিছু করার প্রয়োজন নেই—শুধু একটি সঠিক জিনিস লম্বা সময় ধরে করার ক্ষমতা অর্জন করলেই হবে।
প্রত্যেকের জন্যই একটি অবশ্যপাঠ্য বই, বিশেষত যারা পেশাগত জীবনে দক্ষতা বাড়াতে চান এবং ব্যক্তিগত লক্ষ্য অর্জনে অগ্রগামী হতে চান। আর যারা ক্যাল নিউপোর্টের “ডিপ ওয়ার্ক (Deep Work)” বা ব্রায়ান ট্রেসির “ইট দ্যাট ফ্রগ (Eat That Frog)” পছন্দ করেন, তারা এই বইটিও উপভোগ করবেন বলে আশা করছি।
সর্বোপরি এটি এমন একটি বই যা শুধুমাত্র কাজের ক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণের গুরুত্ব শেখায়। এটি আমাদের শেখায়, সঠিক কাজ সঠিক সময়ে করার মাধ্যমে কিভাবে সর্বোচ্চ ফলাফল অর্জন করা যায়। গ্যারি কেলার এই বইয়ের মাধ্যমে প্রমাণ করেছেন যে সাফল্য কখনোই জটিল নয়, বরং এটি একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল।


