বুক রিভিউঃ মিল্ক এন্ড হানি, রূপি কৌর
মিল্ক এন্ড হানি আমার জন্য অত্যন্ত ইমোশনাল একটি বই। রূপি কৌরের লেখা প্রতিটি শব্দ আমাকে অনেক বেশি স্পর্শ করার পাশাপাশি সবকিছুকে ভিন্নভাবে দেখার নতুন একটি দৃষ্টিভঙ্গি দিয়েছে। তাঁর কবিতাগুলো সহজ সাবলীল হলেও ভীষণ ডেফথ রয়েছে। প্রত্যেক কবিতার, প্রতিটি লাইনে ছড়িয়ে আছে জীবনের নানা কষ্ট, আনন্দ, ভালোবাসা এবং নিজেকে নতুন করে খোঁজে পাওয়ার গল্প।
বইটি মূলত চারটি অধ্যায়ে বিভক্ত – ব্যথা, প্রেম, ভাঙন, ও আরোগ্য। আমি বিশ্বাস করি এবং ধারণ করি যে আমার জীবনে যা ঘটে অন্য মানুষের জীবনেও একই কাহিনীর পুনরাবৃত্তি ঘটে। তাই এই বইয়ের প্রতিটি অধ্যায় আমাকে আমার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অভিজ্ঞতার সংযোগ করেছে। এবং আমি আশা করছি সবার জীবনের সাথেও মিলে যাবে। আর যদি মিলে যায় তাহলে এই বই সে সমস্ত ডার্ক সময় থেকে কিভাবে নিজেকে উত্তরন করা যায় তাও বলে দেয়। মনে হয় বইটি কেবলমাত্র একটি কবিতার বই ই না, বরং আমার/আপনার জীবনের আয়না হিসেবে কাজ করবে। লেখিকা তার অভিজ্ঞতাগুলো এমনভাবে বর্ণনা করেছেন যে আমি যেন নিজেকে তার প্রতিটি লাইনে খোঁজে পেয়েছি।
এই বইয়ের সবচেয়ে বেশি যা আমাকে আকৃষ্ট করেছে, তা হলো নারীর ক্ষমতায়ন ও নিজেকে ভালোবাসার বার্তা। বইটাতে যেভাবে নারী শক্তি ও স্বাধীনতার কথা বলা হয়েছে, তা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করার পাশাপাশি আত্মবিশ্বাসীও করে তুলেছে। এছাড়া, কষ্টকে মেনে নেওয়া এবং সেই ব্যথা থেকে আরোগ্য লাভের যে গেম চ্যাঞ্জিং বার্তা এই বইয়ে আছে, তা সবাইকে জীবন সম্পর্কে নতুনভাবে ভাবতে শেখাবে বলে আমার বিশ্বাস। কারণ ভালোবাসা, ব্যথা, ক্ষমা, ও আরোগ্য – প্রতিটি অনুভূতিই আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। তাছাড়া জীবনের প্রতিটি চ্যালেঞ্জ যেমন আমাদের আরও শক্তিশালী করে তোলে ঠিক তেমনি সেসব কষ্ট, ব্যথা, অবশেষে আত্মউপলব্ধি ও আমাদের নিজের দিকে আরও ভালোভাবে তাকাতে, নিজেকে আরেক্টু বেশি ভালোবাসতে সাহায্য করে।
বইটা থেকে আমি যে কয়টা লেসন্স নিয়েছি তা নিচে তুলে ধরেছি-
০১। নিজেকে ভালোবাসতে শেখাঃ নিজেকে ভালোবাসা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। আমরা প্রায়ই অন্যদের খুশি করার জন্য নিজেদের ইচ্ছা, অনুভূতি, এবং প্রয়োজনগুলোকে ত্যাগ করি। কিন্তু, বইটি আমাকে মনে করিয়ে দিয়েছে যে নিজের প্রতি যত্নশীল হওয়া ও আত্মবিশ্বাসী হওয়া মানে নিজেকে ভালোবাসা। আর যখনই আমরা নিজেদের জন্য কিছু বাউন্ডারি সেট করার পাশাপাশি আমাদের মর্যাদা সম্পর্কে সচেতন হই, তখনই আমরা কেবল নিজেকে ভালোবাসতে পারি।
০২। কষ্টকে মেনে নেওয়াঃ জীবনের দুঃখ, হতাশা, ও ব্যথা ইত্যাদি আমাদের সাথে জম্নগত ভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই ওসব কালো স্মৃতি আমাদের কন্সাসলি মেনে নেওয়া উচিত। যেভাবেই হউক, যেকোন ধরণের কষ্ট আমাদের শক্তিশালী করে তোলে এবং জীবনে অনেক ধরণের লেসন্স দিয়ে যায়, হয়তো আমরা তা সময়মতো অনুভব করি অথবা দেরিতে। তাই দুঃখ- ব্যথা- বেদনা থেকে পালিয়ে না গিয়ে, আমাদের উচিত সেই অভিজ্ঞতাকে গ্রহণ করা, অনুভব করা এবং তা থেকে শিক্ষা নেওয়া।
০৩। প্রেমের গভীরতার অনুভবঃ প্রেম শুধুমাত্র বাহ্যিক নয়, বরং আত্মিক ও মানসিক সম্পর্কের প্রতিফলন। প্রেমে নিজেকে, নিজের সবকিছু ঢেলে দেওয়া সত্ত্বেও প্রতিদানের আশা না করা আমাদের হৃদয়কে উন্মুক্ত ও শক্তিশালী করে। কারণ প্রেম যখন নিঃস্বার্থ হয়, তখন সেটি আরো গভীর ও অর্থবহ হয়ে ওঠে।
০৪। নারী শক্তি ও ক্ষমতায়নঃ নারী হিসেবে আমাদের স্বাধীনতা ও আত্মবিশ্বাসকে উদযাপন করাই হলো প্রকৃত নারীত্বের প্রকাশ। সমাজের সীমানা পেরিয়ে নারীর ক্ষমতায়ন আমাদের সত্যিকার মর্যাদা প্রদান করার পাশাপাশি আমাদের ভিতরে নীরবে- নিভৃতে থাকা শক্তিকে জাগিয়ে তোলে।
০৫। আঘাতকে মেরামত করাঃ যেকোন ধরণের আঘাত ই হোক না কেন তা আমাদের জীবনের একটি অংশ এবং এসব আমাদের আরও শক্তিশালী করে তোলে। তাই উচিত আমাদের ব্যথাগুলোকে স্বীকার করা এবং সময়ের সাথে সাথে সেগুলোকে সারিয়ে তোলা। জীবনের প্রতিটি ক্ষতই আমাদের আরও দৃঢ় ও অভিজ্ঞ করে তোলে এবং যেকোন প্রতিকূল পরিস্থিতিতে আরও আত্মবিশ্বাসী করে।
০৬। মুক্তি পাওয়ার গুরুত্বঃ নিজেকে ভালোবাসার পথে এক ধাপ আগানোই হলো ইমোশনাল ও নেতিবাচক পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করা। জীবনের যেকোনও বিষাক্ত সম্পর্ক বা ইমোশন থেকে মুক্তি পাওয়া আমাদের সুখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমাদের জীবন থেকে নেতিবাচক সবকিছু দুরে সরিয়ে রাখি, তখন নিজেকে আরেক্টু বেশি ভালোবাসতে ইচ্ছে করে তাছাড়া আমরা আরও স্বাধীন ও খুশি থাকি।
০৭। ক্ষমাশীল হওয়াঃ অন্যদের ক্ষমা করার অর্থ হলো সেই ব্যথা থেকে নিজেকে মুক্তি দেওয়া এবং নিজেকে আরও সুখী করে তোলা। কারণ ক্ষমা করার মধ্য দিয়ে আমরা আমাদের মানসিক শান্তি খোঁজে পাই।
০৮। সৃজনশীলতার মাধ্যমে আরোগ্যঃ সৃজনশীল কর্মকান্ড আমাদের দুঃখ ও মানসিক অশান্তিকে দূর করতে সহায়ক ভূমিকা পালন করে। সৃজনশীলতার মাধ্যমে আমরা আমাদের দুঃখকে প্রকাশ করি এবং সেই দুঃখ থেকে বেরিয়ে আসার পথ খোঁজে পাই। এটি শুধু আরোগ্যের মাধ্যম নয়, বরং একটি আত্ম-অনুসন্ধানের প্রক্রিয়া।
ব্যক্তিগত মতামত
বইটি পড়ে মনে হয়েছে যেন আমি আমার নিজের জীবনের গল্পই পড়ছি। বিশেষ করে নারীর ক্ষমতায়ন ও আত্মপ্রেমের বার্তাগুলো আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ব্যক্তিগতভাবে, এই বইটি আমার মানসিক শান্তি এবং নিজেকে আরও গভীরভাবে বুঝতে সহায়তা করেছে। যে কেউ যদি পোয়েট্রি ভালোবাসে, ব্যক্তি ও জীবনের জটিলতার মধ্য থেকে নিজেকে আলাদা করতে চায় এবং নতুনভাবে জীবনকে অনুভব করতে চায়, তবে এই বইটি তাদের জন্য একটি অনন্য উপহার।


