জাদুময় ভুবনের দোরগোড়ায়ঃ হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন এর প্রতি মুগ্ধতা
আমার মনে হয় একটা বইতে যে পরিমাণ ইন্সাইট, ইন্টেন্সিটি বজায় রাখা হয় তা সিনেমাতে তুলে ধরা অসম্ভব প্রায়। আর একারণেই সিনেমা’র চেয়ে বইকেই প্রাধান্য দেই সবসময়। তেমনি যখন হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন বইটি পড়া শুরু করি তখন মনে করেছিলাম এটি নিছক একটি গল্পের বই। কিন্তু বইয়ের রাজ্যে প্রবেশ করার পরই বুঝতে পারলাম বইটি কেবল একটি শিশুতোষ ফ্যান্টাসি নয়, বরং এমন এক জাদুময় ভুবন যেখানে কল্পনা করার শক্তি, সাহস, ভালোবাসা, এবং বন্ধুত্ব একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে। জে. কে. রাওলিং যে দক্ষতায় এই বইয়ের প্রতিটি চরিত্র, স্থান, এবং অনুভূতির নিপুণ চিত্র এঁকেছেন, তা আসলেই অবাক করে দেয়ার মতো।
জীবন কতটা জাদুময় তা জানার জন্য প্রত্যেকের উচিত নিজেদের কল্পনাশক্তিকে মুক্ত করা ও সাহসের সঙ্গে প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করা।
হ্যারির চোখ দিয়ে জগৎ দেখা
হ্যারির জীবনের সূচনা যে অন্ধকার দিয়ে, তা আমাদের নিজের জীবনের কঠিন সময়গুলোকে মনে করিয়ে দেয়। পিতৃহীন, মাতৃহীন এক কিশোর, যে তার মামার বাড়িতে এক নিষ্প্রাণ জীবন কাটাচ্ছিল, তার হঠাৎ একটি চিঠি পাওয়া যেন এক চমৎকার নতুন জীবনের প্রতিশ্রুতি। হ্যারি যে একজন জাদুকর তা জানতে পারার পর সে নিজেই নিজেকে উত্তেজনার অতল গহ্বরে ঢুকানোর পাশাপাশি আমার মতো রিডারকেও খুবই সুনিপুণভাবে সেই একই উত্তেজনার অংশীদার করে তুলে। হগওয়ার্টস স্কুল অব উইচক্র্যাফট অ্যান্ড উইজার্ড্রির বর্ণনা পড়ে মনে হয়, যেন আমিও তার সঙ্গে সেই একই ট্রেনে উঠেছি, হগওয়ার্টস এক্সপ্রেসে। প্রতিটি ঘর, প্রতিটি পোর্ট্রেট, প্রতিটি মন্ত্র—সবকিছুই আমাকে এক অলৌকিক অভিজ্ঞতার দিকে টেনে নিয়ে যায়।
বন্ধুত্ব ও সাহসের শক্তি
হ্যারির সঙ্গে রন এবং হারমায়োনির বন্ধুত্ব এক অন্য রকম গভীরতা নিয়ে আসে। প্রকৃত বন্ধুত্বের সঙ্ঘা ঠিক এমনই হওয়া চাই—যেখানে একে অপরকে সাহায্য করা, বিপদে পাশে দাঁড়ানো এবং সত্যের জন্য লড়াই করাই সর্বপ্রধান ও সর্বশ্রেস্ট ধর্ম।
রন তার সরলতার মাধ্যমে আর হারমায়োনি তার জ্ঞানের মাধ্যমে হ্যারির জীবনে এমন কিছু মূল্য যোগ করে, যা আমাকে বারবার বন্ধুত্বের প্রকৃত অর্থ বোঝার সুযোগ দেয়। তাদের সঙ্গে আমার নিজেকেও যেন সাহসী মনে হয়, বিশেষত সেই মুহূর্তগুলোতে, যখন তারা নিষিদ্ধ করিডোরে প্রবেশ করে বা তিন-মাথাওয়ালা কুকুর ফ্লাফির সামনে দাঁড়ায়।
জাদুর গভীরে জীবনের শিক্ষা
রাওলিংয়ের গল্প বলার পদ্ধতি আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে। এখানে জাদু কেবল এক বিনোদনের মাধ্যম নয় বরং এটি জীবনের নানা কঠিন প্রশ্নের প্রতীক। অ্যালবাস ডাম্বলডোরের সেই বিখ্যাত কথা— “It does not do to dwell on dreams and forget to live”—আমাকে একপ্রকার থমকে দিয়েছে। অনুভব করি জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের সামনে সুযোগের দরজা খুলে দেয়। জীবনের চলতি পথে আমাদের অবধারিত যেসব চ্যালেঞ্জের সামনাসামনি হতে হয় তা আপাতদৃষ্টিতে ভীতিকর মনে হলেও এগুলোই আমাদের শক্তি ও মনোবল বাড়ানোর পথ বাতলে দেয়।
ভিলেনের ছায়ায় আলোর সন্ধান
লর্ড ভলডেমর্ট এর চরিত্র একদিকে যেমন অদ্ভুত ভয়াবহতার প্রতীক অন্যদিকে তিনি আমাদের দেখান ক্ষমতার প্রকৃত দিক। তার সঙ্গে হ্যারির দ্বন্দ্ব কেবল ভালো-মন্দের যুদ্ধ নয়, এটি এমন এক গল্প, যা আমাদের দেখায়, ভালোবাসা ও আত্মত্যাগের শক্তি কীভাবে সবচেয়ে অন্ধকারকে পরাজিত করতে পারে। হ্যারির জীবনের প্রতিটি পদক্ষেপে এই সত্য অনুভব করি। তার মা লিলির আত্মত্যাগ, যা তাকে ভলডেমর্ট এর অভিশাপ থেকে রক্ষা করেছিল আমাকে বারবার মনে করিয়ে দেয় ভালোবাসার অসীম শক্তির কথা।
ব্যক্তিগত মতামত
যখন বইয়ের শেষ পৃষ্ঠাটি উল্টাই, তখন মনে হয় আমি যেন হগওয়ার্টস থেকে ফিরে আসছি। রিয়ালিটির এই ফেরতটা অনেকটা দুঃখজনক মনে হলেও আমার মনে আশা জাগায়। কারণ হ্যারির জগত থেকে আমি শিখেছি আমাদের চারপাশেও অদ্ভুত রকমের জাদু লুকিয়ে থাকে।
বইটি শুধু একটি গল্পের বই ই না বরং এক নতুন দৃষ্টিভঙ্গি, এক নতুন জীবনের আহ্বান। রাওলিং তার লেখনীর মাধ্যমে পাঠকদের কল্পনার যে দরজাটি খুলে দিয়েছেন তা আমাকে মনে করিয়ে দেয়, জাদু আমাদের চারপাশে সব সময়ই আছে। শুধু আমাদের সেটা অনুভব করার মনমানসিকতা থাকতে হবে।


