মৈত্রেয়ী দেবী’র ন হন্যতেঃ মিলনের নয়, স্মরণের গল্প
কিছু বই আমাদের কাহিনি শোনায়, আর কিছু বই আমাদের নীরবতার দিকে ফিরিয়ে নিয়ে যায়। সেই নীরবতার দিকে যেখানে আমরা নিজের সঙ্গে একা হয়ে পড়ি, যেখানে শব্দের চেয়ে অনুভূতির ওজন বেশি, যেখানে অতীত আর বর্তমান একে অপরের ভেতরে মিশে যায় ধীরে ধীরে, কোনো ঘোষণা ছাড়াই। মৈত্রেয়ী দেবীর ন হন্যতে সেই দ্বিতীয় ধরনের এক বিরল গ্রন্থ যা পড়া মানে কোনো গল্প শেষ করা না বরং নিজের ভেতরে জমে থাকা স্মৃতি, অপূর্ণতা, ও সময়ের দীর্ঘ ছায়ার সঙ্গে মুখোমুখি হওয়া। এই বই প্রেমের গল্প বলে না প্রচলিত অর্থে। এখানে প্রেম কোনো ঘটনাপ্রবাহের পরিণতি না, কোনো নাটকীয় মিলন বা বিচ্ছেদের চূড়ান্ত দৃশ্য না, বরং সময়ের ভেতরে ধীরে ধীরে গড়ে ওঠা এক অন্তর্লীন সংলাপ। যেখানে অনুভূতি শব্দের আগেই জন্ম নেয়, আর শব্দ আসতে আসতে অনুভূতিই রূপ বদলে ফেলে। “ন হন্যতে” উপনিষদের সেই অনন্ত উচ্চারণ এখানে কোনো দার্শনিক উদ্ধৃতি হয়ে থাকে না বরং এটি হয়ে ওঠে মানবিক ভালোবাসার অন্তর্গত সত্যের নাম। সেই সত্য যা আমাদের শেখায় যে যা গভীরভাবে অনুভূত, যা হৃদয়ের কেন্দ্রে প্রোথিত, তা সময়ের আঘাতে ক্ষয় হয় না, বরং সময়ের সঙ্গেই তার রূপান্তর ঘটে। যৌবনের উজ্জ্বল অগ্নিশিখা ধীরে ধীরে পরিণত বয়সের নীরব দীপ্তিতে রূপ নেয়, আকাঙ্ক্ষা বদলে যায় মমতায়, অধিকার বদলে যায় স্মরণে, আর উপস্থিতি বদলে যায় এক অব্যক্ত কিন্তু অবিনাশী অনুভবের রূপে।
এই গ্রন্থের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে পাঠক ধীরে ধীরে বুঝতে পারেন স্মৃতি কোনো অতীতের স্থির ভাস্কর্য না। কোনো বন্ধ হয়ে যাওয়া অধ্যায় না। স্মৃতি এক চলমান জীবনীশক্তি, যা আমাদের অজান্তেই বর্তমান সত্তাকে নির্মাণ করে, আমাদের সিদ্ধান্তে প্রভাব ফেলে, আমাদের অনুভূতির ভাষা নির্ধারণ করে, এবং কখনো কখনো আমাদের সামনে এমন দরজা খুলে দেয়। যে দরজা আমরা ভেবেছিলাম চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। ন হন্যতে আমাদের শেখায় যে হারিয়ে যাওয়া মানেই অনুপস্থিত হওয়া না। হারিয়ে যাওয়াও এক ধরনের থাকার রূপ, যেখানে মানুষ, সম্পর্ক, ও অনুভূতি দৃশ্যমান না থেকেও আমাদের ভেতরে ক্রিয়াশীল থাকে এক ধরনের নীরব উপস্থিতি হয়ে। এই বই পড়ার মাধ্যমে বুঝতে পারি আমাদের জীবন কেবল আমাদের বর্তমানের সমষ্টি না। আমাদের জীবন আসলে আমাদের মনে রাখা ও ভুলে যাওয়ার পদ্ধতির ফলাফল।
মৈত্রেয়ী দেবীর ভাষা এই বইয়ে বিশেষভাবে লক্ষণীয়। কারণ তিনি আবেগকে উচ্চারণের বদলে নীরবতার ভেতর স্থাপন করেন। তার বাক্যগুলো যেন ধীরে ভেসে ওঠা শ্বাসের মতো। কখনো দীর্ঘ, কখনো ক্ষুদ্র, কিন্তু সব সময়ই সংযত। এখানে শব্দের চেয়ে বিরতিগুলো বেশি অর্থবহ, বলা কথার চেয়ে না-বলা কথার ওজন বেশি। এই ভাষা পাঠককে তাড়াহুড়ো করতে দেয় না বরং থামতে শেখায়। পড়ার মাঝখানে চোখ বন্ধ করে কিছুক্ষণ নিজের ভেতর তাকাতে শেখায়। ফলে ন হন্যতে পড়া মানে কেবল একটি প্রেমকাহিনি অনুসরণ করা না, এটি এক ধরনের ধ্যানের অভিজ্ঞতা, যেখানে পাঠক ধীরে ধীরে সেই প্রশ্নগুলোর দিকে এগিয়ে যায়-মানুষের ভেতরে সময় কীভাবে কাজ করে, বিচ্ছেদ কীভাবে অনুভূতিকে ক্ষুদ্র না করে বরং গভীর করে তোলে। আর অসম্পূর্ণতাই কীভাবে অস্তিত্বের সবচেয়ে সত্য রূপ হয়ে ওঠে।
এই বইয়ের প্রেম মিলনের চূড়ান্ত উল্লাসে বিশ্বাসী না। এটি জানে যে মিলন ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু স্মৃতি দীর্ঘস্থায়ী। এটি জানে যে সব ভালোবাসা পূর্ণতা পায় না, তবু অপূর্ণতাই ভালোবাসাকে দীর্ঘজীবী করে তোলে। কারণ যা সম্পূর্ণ হয়ে যায়, তা একসময় শেষ হয়। আর যা অসম্পূর্ণ থাকে তা স্মৃতির ভেতর বেঁচে থাকে এক অন্তহীন সম্ভাবনা হয়ে। ন হন্যতে আমাদের সেই কঠিন কিন্তু মুক্তিদায়ক সত্যের মুখোমুখি দাঁড় করায়- জীবনে সব কিছু পাওয়া যায় না। কিন্তু না-পাওয়াও ব্যর্থতা না বরং না-পাওয়া অনেক সময় আমাদের অনুভূতিকে এমন এক গভীরতায় নিয়ে যায় যেখানে পাওয়ার মধ্যেও পৌঁছানো সম্ভব না।
মৈত্রেয়ী দেবীর আত্মসচেতনতা প্রেমকে আত্মবিসর্জনের ভাষা থেকে উদ্ধার করে এনে আত্মমর্যাদার নীরব মর্যাদায় স্থাপন করে। তিনি দেখান ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা না। নিজের সত্তাকে বিলীন করে দেওয়া না বরং ভালোবাসা মানে নিজের ভেতরের গভীরতর সত্তাকে আবিষ্কার করা। নিজের অনুভূতির দায়িত্ব নেওয়া ও অপরকে ভালোবাসার মধ্যেও নিজের অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখা। এই দৃষ্টিভঙ্গি ন হন্যতে কেবল একটি ব্যক্তিগত প্রেমের স্মৃতিচারণা থেকে উত্তীর্ণ করে এক ধরনের নারীবাদী আত্মবোধের নথিতে পরিণত করেছে। যেখানে নারী কেবল ভালোবাসার বিষয়বস্তু নন, বরং ভালোবাসার অর্থ নির্মাণকারী এক চিন্তাশীল সত্তা।
সময় এই বইয়ে কেবল প্রেক্ষাপট না, সময় এখানে এক অদৃশ্য সহ-লেখক। যৌবনের তীব্র অনুভূতিকে সময় ধীরে ধীরে পরিণত বোধে রূপ দেয়। স্মৃতিকে কাঁচা বেদনা থেকে স্বচ্ছ উপলব্ধিতে পরিণত করে। এবং মানুষকে শেখায় গ্রহণের সেই কঠিন শিল্প যেখানে না-পাওয়াও অর্থহীন নয় বরং জীবনের সামগ্রিক অর্থের এক অপরিহার্য অংশ। ন হন্যতে আমাদের দেখায় যে সময় কেবল ক্ষয় করে না, সময় পরিশোধনও করে। অনুভূতিকে ছেঁটে দেয়, ধারালো প্রান্তগুলো মসৃণ করে, আর অবশেষে এমন এক জায়গায় নিয়ে আসে যেখানে ব্যথা আর কাঁটার মতো বিঁধে থাকে না, বরং স্মৃতির কোমল আলো হয়ে আমাদের পথ দেখায়।
গ্রন্থটির শেষভাগে প্রেম ব্যক্তিগত আকাঙ্ক্ষা ছাড়িয়ে এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তিতে পৌঁছায়। এখানে অনুভূতি নিজেই নিজেকে অতিক্রম করে যেন ভালোবাসা আর কাউকে পাওয়ার বাসনা না, বরং কাউকে গভীর মমতায় স্মরণ করার ক্ষমতা। সেখানে মানুষ আর মানুষকে নিজের করে রাখতে চায় না। সে কেবল চায় সেই মানুষটি তার স্মৃতিতে স্নেহের সঙ্গে উপস্থিত থাকুক, আর সেই উপস্থিতিই হয়ে ওঠে এক অনন্ত সহচরতা। এই আধ্যাত্মিক উত্তরণ খুব নীরবে ঘটে কোনো ঘোষণা ছাড়া, কোনো সিদ্ধান্তের ভাষা ছাড়া। ঠিক যেমন জীবন নিজেই আমাদের সবচেয়ে গভীর শিক্ষাগুলো দেয় নিঃশব্দে।
এই কারণেই ন হন্যতে শেষ পর্যন্ত প্রেমের বই না। এটা কোন সময়ের বই না এমনকি স্মৃতির বইও না। এটি একটি অস্তিত্বের বই। এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের জীবনে কিছু অনুভূতি থাকে যা ভাঙে না, মুছে যায় না, মৃত্যুতেও শেষ হয় না। তারা কেবল রূপ বদলে আমাদের ভেতরে বেঁচে থাকে নীরবে, দীপ্তভাবে, অবিনাশী হয়ে। এই বই আমাদের শেখায় যে জীবনের সত্য সব সময় উচ্চকণ্ঠে প্রকাশ পায় না। অনেক সময় সত্য সবচেয়ে গভীরভাবে ধরা দেয় নীরবতার মধ্যে, অসম্পূর্ণতার মধ্যে, এবং সেই অনুভূতিগুলোর মধ্যে যেগুলো আমরা কোনোদিন পুরোপুরি ভাষায় ধরতে পারি না। আর সেই অবিনাশী থাকা, সেই নীরব অথচ দীপ্ত অস্তিত্বের নামই-ন হন্যতে।


