বুক রিভিউঃ প্লেয়িং বল অন রানিং ওয়াটার, ডেভিড কে. রেইনল্ডস
মানুষের জীবনে শান্তি, গ্রহণযোগ্যতা ও ভেতরের স্থিরতার অনুসন্ধান যেন এক অন্তহীন যাত্রা। আধুনিক ব্যস্ততা, উদ্বেগ ও আত্মদ্বন্দ্বের মধ্যে দাঁড়িয়ে আমরা প্রায়ই ভাবি কীভাবে সহজভাবে বাঁচা যায়? কীভাবে অনুভূতির ঝড় থামিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা যায়? ডেভিড কে. রেইনল্ডসের Playing Ball on Running Water বইটি এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার এক অনন্য উদাহরণ। বইটিতে আছে জীবনের সঙ্গে এক নীরব সমঝোতার গল্প যেখানে সংগ্রাম আছে কিন্তু তার ভেতরেই আছে প্রশান্তির সম্ভাবনা।
রেইনল্ডস মূলত জাপানি মোরিটা থেরাপি ও নাইকান পদ্ধতি থেকে অনুপ্রাণিত হয়ে জীবনের প্রতি এক বাস্তববাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি শেখান অনুভূতি নিয়ন্ত্রণ করার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কাজ করে যাওয়া, পরিস্থিতি যেমন আছে তেমনভাবে গ্রহণ করা, আর জীবনের স্বাভাবিক গতির সঙ্গে নিজেকে মিশিয়ে দেওয়া। বইয়ের নাম এই দর্শনেরই প্রতীক। স্থিরতার ভেতর নয়, বরং পরিবর্তনের মাঝেই ভারসাম্য খুঁজে নিতে হয়। অনিশ্চয়তার মধ্যেই খেলা চালিয়ে যেতে হয়।
আত্মনিয়ন্ত্রণ নয়, আত্মসমর্পণ
এখানে “আত্মসমর্পণ” শব্দটি দুর্বলতার প্রতীক না বরং এক ধরনের মানসিক শক্তির পরিচয়। আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া না, এর মানে হলো জীবনের বাস্তবতাকে যেমন আছে তেমনভাবে মেনে নেওয়ার সাহস রাখা। মানুষের জীবনে সবকিছু পরিকল্পনা অনুযায়ী ঘটে না এই সত্যকে স্বীকার করতে পারাই মানসিক পরিপক্বতার প্রথম ধাপ। কারণ বাস্তবতাকে অস্বীকার করলে কষ্ট কমে না, বরং আরও বাড়ে।
আজকের যুগে এই দৃষ্টিভঙ্গি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আধুনিক মানুষ সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়- সময়কে, সম্পর্ককে, অনুভূতিকে, এমনকি ভবিষ্যতের সম্ভাবনাকেও। আমরা ভাবি, যদি সবকিছু ঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে অশান্তি থাকবে না। কিন্তু বাস্তবে দেখা যায় এই অতিরিক্ত নিয়ন্ত্রণের চেষ্টাই অনেক সময় মানসিক চাপ, উদ্বেগ ও হতাশার জন্ম দেয়।
বিশেষ করে অনুভূতির ক্ষেত্রে। দুঃখ, ভয়, অনিচ্ছা কিংবা অস্থিরতাকে আমরা প্রায়ই শত্রু মনে করি আর সেগুলো দূর করার চেষ্টা করি। কিন্তু অনুভূতিকে শত্রু বানিয়ে ফেলা মানে নিজেরই একটি অংশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। এই যুদ্ধের কোনো বিজয় নেই। আছে শুধু ক্লান্তি আর ভাঙন।
এই কারণেই বইটি আমাদের মনে করিয়ে দেয়, জীবনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে নিয়ন্ত্রণ না থাকলেও সঙ্গতি থাকতে পারে। জীবনের সঙ্গে তাল মিলিয়ে, বাস্তবতাকে মেনে নিয়ে, নিজের দায়িত্বগুলো করে যাওয়া সম্ভব। এই গ্রহণযোগ্যতাই মানুষকে শান্ত করে, ভারসাম্য শেখায় আর জীবনের অনিশ্চয়তার মধ্যেও স্থির থাকতে সাহায্য করে।
ছোট কাজের ভেতর বড় অর্থ
আমরা প্রায়ই মনে করি জীবনের অর্থ বা সার্থকতা লুকিয়ে থাকে বড় সাফল্যে, বড় অর্জন, বড় পরিচয় বা বড় স্বপ্ন পূরণের মধ্যে। কিন্তু বাস্তব জীবন আমাদের ধীরে ধীরে শেখায়, স্যাটিস্ফাইড সাফল্য আসলে এসব বড় ঘটনার ভেতর না, বরং প্রতিদিনের সাধারণ দায়িত্ব পালনের মধ্যেই তার অবস্থান।
ঘর গোছানো, সময়মতো কাজ শেষ করা, প্রয়োজনের সময় অন্যকে সাহায্য করা এই কাজগুলো বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও এগুলো মানুষের ভেতরের শৃঙ্খলা ও স্থিরতা তৈরি করার পাশাপাশি একধরণের প্রশান্তি এনে দেয়। এই ছোট ছোট দায়িত্ব পালন করতে করতেই মানুষ নিজের জীবনের সঙ্গে একটি নিয়মিত সম্পর্ক গড়ে তোলে। এই রেগুলারিটিটাই মানসিক স্থিরতার ভিত্তি।
আমরা অনেক সময় বড় স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে এই ছোট দায়িত্বগুলোকে তুচ্ছ মনে করি বা অবহেলা করি। ভাবি, এগুলো করলে জীবনে তেমন কোনো পরিবর্তন আসে না। অথচ এই অবহেলাই আমাদের অস্থির করে তোলে। কারণ বাস্তব জীবনের মাটি থেকে আমরা ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ি।
জীবনের আসল প্রশান্তি কোনো নাটকীয় মুহূর্তে লুকিয়ে নেই। বরং সাধারণতার মধ্যেই তার সবচেয়ে গভীর প্রকাশ। প্রতিদিনের কাজগুলো সততার সঙ্গে করে যাওয়াই এক ধরনের নীরব সাফল্য যা বাহ্যিকভাবে চোখে না পড়লেও ভেতরে একটি স্থির, ভারসাম্যপূর্ণ জীবন গড়ে তোলে।
এইভাবে ছোট কাজগুলোই ধীরে ধীরে বড় অর্থে রূপ নেয় আর সাধারণ জীবনই হয়ে ওঠে এক অর্থপূর্ণ জীবন।
অনুভূতির সঙ্গে সহাবস্থান
অনুভূতির সঙ্গে লড়াই না করে, বরং তার সঙ্গে সহাবস্থান করতে শেখা। দুঃখ, ভয়, উদ্বেগ বা অস্থিরতা এসব অনুভূতি মানুষের জীবনের স্বাভাবিক অংশ। এগুলো থাকা মানেই কিছু ভুল হচ্ছে, এমন না। তাই এই অনুভূতিগুলোকে জোর করে দূর করার চেষ্টা করার চেয়ে, এগুলোর মাঝেও নিজের প্রয়োজনীয় কাজগুলো চালিয়ে যাওয়া অনেক বেশি কার্যকর এবং বাস্তবসম্মত পথ।
মানুষ সাধারণত মনে করে, মন ভালো না থাকলে কিছুই করা সম্ভব নয়। কিন্তু বাস্তবতা ভিন্ন। খারাপ লাগা থাকা মানেই জীবন থেমে যাওয়া নয়। বরং জীবনের স্বাভাবিক গতিই হলো ভেতরে নানা অনুভূতি চলতে থাকবে, আর তার মাঝ দিয়েই মানুষ সামনে এগিয়ে যাবে। এই এগিয়ে যাওয়ার মধ্যেই ধীরে ধীরে অনুভূতির তীব্রতাও কমে আসে।
রেইনল্ডসের দৃষ্টিতে, অনুভূতি নিজে কোনো সমস্যা না। সমস্যা তৈরি হয় তখনই, যখন মানুষ নিজের সিদ্ধান্ত ও কাজকে সম্পূর্ণভাবে অনুভূতির ওপর নির্ভরশীল করে তোলে। যদি দুঃখের কারণে কাজ থেমে যায়, ভয় এর কারণে চেষ্টা বন্ধ হয়ে যায়, বা উদ্বেগের কারণে দায়িত্ব এড়িয়ে যাওয়া হয় তখন অনুভূতিই জীবনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। অথচ বাস্তব জীবন অনুভূতির ওঠানামার মধ্যেও চলতে থাকে।
এই কারণেই বলা যায়, খারাপ লাগা নিয়েই কাজ করে যাওয়াই জীবনের বাস্তব রূপ। অনুভূতি আসবে, আবার চলে যাবে এটাই স্বাভাবিক। কিন্তু কাজের ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে মানুষ ভেঙে পড়ে না বরং ধীরে ধীরে শক্ত হয়ে ওঠে।
তাই অনুভূতির বিরুদ্ধে যুদ্ধ না করে বরং তার পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করাই মানুষের ভেতরে স্থিরতা ও সহনশীলতা গড়ে তোলে। এই সহাবস্থানই শেষ পর্যন্ত মানুষকে বাঁচিয়ে রাখে, এগিয়ে নিয়ে যায় ও জীবনের সঙ্গে একটি শান্ত সমঝোতায় পৌঁছে দেয়।


